চীনের সাংহাইয়ে হতে যাওয়া ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের পতাকা নিয়ে এবার অংশ নিচ্ছে ছয় খুদে গণিতবিদ। ‘কোনো চাপ নয়; বরং গণিত উপভোগ করাটাই আসল কথা’ বার্তা নিয়ে আগামী বুধবার ২৪ জুন ঢাকা ছাড়বে দলটি। এ নিয়ে ২২তম বারের মতো আইএমওতে অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে সরাসরি সাংহাইয়ে নয়, এবার প্রথমে বেইজিংয়ে যাবে দলটি। সেখানে ‘চতুর্থ আন্তর্জাতিক গণিত সামার ক্যাম্প ২০২৬’–এ অংশ নেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা শিক্ষার্থীরা। সামার ক্যাম্প শেষে ১৩ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠেয় মূল প্রতিযোগিতায় যোগ দেবে দলটি। ২০ জুলাই সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে গণিতের এই বিশ্ব আসর। এবার বাংলাদেশসহ শতাধিক দেশের প্রায় ৬০০ প্রতিযোগী আইএমওতে অংশ নিচ্ছে। আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই ছয় খুদে গণিতবিদকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। ‘সিরিয়াসনেস’ ধরে রাখা জরুরি লিখিত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ২০০৫ সাল থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে এ পর্যন্ত বাংলাদেশ ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ৪০টি ব্রোঞ্জ পদক ও ৪৭টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। তিনি বলেন, দীর্ঘদিনের এই অর্জন দেশের তরুণ শিক্ষার্থীদের গণিতচর্চার প্রতি আগ্রহ ও সক্ষমতার প্রতিফলন। অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, প্রায় দুই দশক ধরে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলো র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত গণিত উৎসব এখন শিক্ষার্থী ও অভিভাবকদের বড় আয়োজন হয়ে উঠেছে। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, এই শিক্ষার্থীরাই এখন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তাদের সাফল্যের দিকে তাকিয়ে থাকবে পুরো দেশ। তিনি বলেন, দেশের মেধাবী তরুণদের বিকাশে ডাচ্-বাংলা ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সহযোগিতা করে যাবে। প্রথম আলো দেশের তরুণদের সাফল্যের গল্পই সবচেয়ে বেশি ছড়িয়ে দিতে চায় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন প্রথম আলো র ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, সাধারণত মানুষ মনে করে দুঃসংবাদই বেশি পাঠক টানে; কিন্তু অভিজ্ঞতা বলছে, সুখবরের প্রতিও পাঠকের আগ্রহ কম নয়। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে আনিসুল হক বলেন, তোমরা বাংলাদেশের জন্য আরও সুখবর নিয়ে আসো, যাতে সেই সাফল্যের গল্প দেশজুড়ে ছড়িয়ে দেওয়া যায়। ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সামনে বসা (বাঁ থেকে) আনিসুল হক, মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক বি এম মইনুল হোসেন, মুনির হাসান। পেছনে দাঁড়িয়ে (বাঁ থেকে) রিজওয়ানা রিয়াজ, অধ্যাপক হাসান উজ জামান, মোহাম্মদ মারজুক রহমান, এম জামিউল হোসেন, তাহসিন খান, মনামী জামান, জাওয়াদ হামীম চৌধুরী, মো.