যুদ্ধের চূড়ান্ত পরিণতির পর জনস্মৃতিতে আমরা প্রায়ই জড়িত নানা পক্ষের ভূমিকা সাদা-কালোর ব্যাখ্যায় নামিয়ে ফেলি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এই প্রবণতা আরও প্রকটভাবে দেখা যায়। কেননা, বিজয়ের কৃতিত্বের দাবিদার বিভিন্ন পক্ষ যুদ্ধকালীন নানা অসন্তোষ, বিদ্রোহ, অভিযোগ, সিদ্ধান্তহীনতা কিংবা হতাশার বিষয়গুলোকে পরে আর আলাপযোগ্যই মনে করেনি। এর স্পষ্ট কিছু প্রমাণ পাওয়া যায় সুপরিচিত স্মৃতিকথাগুলোতেও। সেসবে স্ববিরোধী, বিব্রতকর, মানহানিকর কিংবা হয়তো লজ্জাজনক বিষয়গুলোকে বোধ করি সচেতনভাবেই অতীতের কম প্রয়োজনীয় ঘটনা হিসেবে এড়িয়ে যাওয়া হয়েছে। বলা বাহুল্য, মূলধারার তথাকথিত মুক্তিযুদ্ধ গবেষকেরাও বিভিন্ন পক্ষের পরস্পরবিরোধী অবস্থান ও ঘটনাপ্রবাহ বিশ্লেষণে অনাগ্রহী থেকে গেছেন। অথচ যুদ্ধকে রাজনীতির অংশ হিসেবেই যদি ভাবা হয়, তাহলে যুদ্ধকালীন নানা পক্ষের অভ্যন্তরীণ দ্বিধাদ্বন্দ্বের পর্যালোচনাকে ইতিহাস বিশ্লেষণের জরুরি উপায় হিসেবেই দেখার কথা। যেখানে যুদ্ধ মানেই লাখ-কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়, সেখানে এর রাজনৈতিক প্রেক্ষাপট আর নানা উদ্যোগের দ্বান্দ্বিক জটিলতা এড়িয়ে যাওয়া কঠিন। তা ছাড়া ব্যক্তিমানুষের দোদুল্যমানতা, স্বার্থ, সন্দেহ, অস্পষ্টতা কিংবা কিংকর্তব্যবিমূঢ়তা রাজনৈতিক নেতাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না—এমন ভাবনা অনৈতিহাসিক। প্রথমা থেকে প্রকাশিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এখন কয়েক হাজার বইপত্রের খোঁজ সহজে পাওয়া গেলেও সেসবের অধিকাংশের মান ও গুরুত্ব নিয়ে চিন্তকসমাজের অসন্তোষ গোপন বিষয় নয়। বলা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস-সাহিত্য যেন কানাগলিতে পৌঁছেছে, যেখানে বহুল পরিচিত তথ্যের চর্বিত-চর্বণ করেই প্রতিবছর প্রচুর বাংলা বই প্রকাশিত হচ্ছে। সেগুলোর সাফল্য অবশ্য যতটা না নতুন ব্যাখ্যা–বিশ্লেষণ বা তথ্যের উপস্থাপনের জন্য, তার চেয়েও বেশি বিশেষ বিবেচনায় সরকারি ক্রয়তালিকায় স্থান লাভের মধ্যেই যেন নিহিত। তার ওপর যুক্ত হয়েছে কথ্য এবং সামাজিক ইতিহাসের নামে অতিসাধারণ ও চিন্তাহীন প্রশ্নে জর্জরিত সাক্ষাৎকার–সংবলিত এবং কাঠামোবিহীন বইপত্রের বাহার। তা ছাড়া যুদ্ধের ইতিহাস নিয়ে নানা আঙ্গিকের আলাপের বৈশ্বিক ধারা থেকেও বহুলাংশে বিচ্ছিন্ন রয়ে গেছে দেশীয় চর্চা। মুক্তিযুদ্ধ গবেষণায় এই অচলাবস্থার পেছনে যেসব বাস্তব কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো মুক্তিযুদ্ধসংক্রান্ত দলিলপত্র সংগ্রহে নিত্যনতুন উদ্যোগের অভাব। তাছাড়া, অভাবটা কেবল উদ্যোগের নয়, উৎসাহেরও। বাংলাদেশের জাতীয় মহাফেজখানায় মুক্তিযুদ্ধসংক্রান্ত নথিপত্র সংগ্রহের সক্রিয় উদ্যোগ না থাকার বিষয়টি হয়তো এর বাস্তব প্রমাণ। পরিস্থিতি যখন এ রকম, তখন যেকোনো অজানা অথচ গুরুত্বপূর্ণ দলিলপত্রের খোঁজ পাওয়া মানে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও গভীরভাবে ভাবা ও জানার সুযোগ আসা। তা ছাড়া নথিপত্রের গুরুত্ব কেবল নতুন তথ্য লাভের জন্য নয়, পুরোনো শোনা কথা কিংবা স্মৃতিকথায় প্রকাশিত তথ্যের সঠিকতা নির্ধারণের জন্যও সেগুলো প্রয়োজনীয় উৎস হতে পারে। সম্প্রতি প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ও মতিউর রহমান কর্তৃক সম্পাদিত ইংরেজি বই 1971: The Siliguri Conference. Government in Exile Meets the Elected Peoples Representatives: An Untold Story of the Liberation War তেমন একটি আকরগ্রন্থ, যা মুক্তিযুদ্ধের ইতিহাসের কিছু ধূসর দিক উন্মোচনে গবেষক ও পাঠকদের সাহায্য করবে। বিশেষ করে, মুক্তিযুদ্ধকালীন আওয়ামী লীগের ইতিহাস উন্মোচনে বইটি গুরুত্বপূর্ণ আলোচনার সূত্রপাত ঘটাতে পারে। মুক্তিযুদ্ধকালীন সরকারকে কী ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল, তারও কিছু দালিলিক প্রমাণ বইটিতে পাওয়া যাবে। ১৯৭১–এর জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রধানত আওয়ামী লীগ-দলীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে ভারতের পশ্চিম বাংলার শিলিগুড়িতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বইটির বিষয়বস্তু হলো যুদ্ধকালীন এই সম্মেলন বিষয়ে ভারতীয় সামরিক বাহিনীর কিছু নথি। প্রধানত চারটি অংশে বিভক্ত এই বইটির প্রথমেই রয়েছে সম্পাদকের নোট, যেখানে তিনি সংক্ষেপে নথিপত্রের বিষয়বস্তু নিয়ে পাঠককে ধারণা দিয়েছেন। দ্বিতীয় অংশে দেবাশীষ মিত্রের লেখা থেকে আমরা নথিপত্রগুলো উদ্ধারের কাহিনি জানতে পারি। তৃতীয় অংশে লে. ক.