যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত আয়োজন। প্রথম দিনের অনুষ্ঠান শেষ হলেও পুরো আয়োজন ঘিরে এখনো কড়া গোপনীয়তা বজায় রেখেছেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে টেইলর সুইফটের ছবি–সংবলিত একটি সাইনেজ, এখানেই চলছে টেইলর সুইফট ও ট্রেভিস কেলসির বহুল আলোচিত বিয়ের আয়োজন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির বহু আলোচিত বিয়ের আয়োজন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়েছে। তবে মূল আয়োজন হওয়ার কথা আজ ৩ জুলাই। প্রথম দিনে কী হলো পরিকল্পনার সঙ্গে যুক্ত একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবারের অনুষ্ঠানটি ছিল মূলত রিহার্সাল ডিনার। এতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা অংশ নেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবারের মূল অনুষ্ঠানে ককটেল পর্ব, বিয়ের আনুষ্ঠানিক উদ্যাপন এবং পরে সংবর্ধনার আয়োজন আছে বলে জানা গেছে। ভেতরে কী হচ্ছে, জানে না কেউ বিয়ের অনুষ্ঠান ঘিরে এমন কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে যে অতিথি বা সাজসজ্জার বিস্তারিত কিছুই প্রায় জানা যায়নি। অনুষ্ঠানস্থলের বাইরে কালো কাচের এসইউভি গাড়ি, অস্থায়ী তাঁবু, ব্যারিকেড এবং গোলাপি পর্দা দিয়ে পুরো এলাকা আড়াল করে রাখা হয়। অতিথিরা যেন কারও নজরে না পড়েন, সে জন্য প্রবেশপথও বিশেষভাবে ঢেকে দেওয়া হয়। অনুষ্ঠানে আসা বিশাল কাঠের বাক্স, সাজসজ্জার সরঞ্জাম, গাছের ডাল, পানীয় এবং খাবারের উপকরণ ভেতরে নেওয়া হলেও সেসবও সম্পূর্ণ ঢেকে রাখা হয়েছিল। মুঠোফোনও নিষিদ্ধ অনুষ্ঠানের গোপনীয়তা রক্ষায় অতিথি, আয়োজক, নিরাপত্তাকর্মী—সবার জন্যই মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। ফলে অনুষ্ঠান থেকে কোনো ছবি বা ভিডিও বাইরে আসেনি। বিয়ের অনুষ্ঠানের প্রথম দিনের আয়োজন উপলক্ষে আলোকসজ্জায় সেজে উঠেছে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন, অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা বেগুনি রঙে সেজে উঠল ম্যাডিসন স্কয়ার গার্ডেন সন্ধ্যা নামার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেন বেগুনি বা হালকা লাইলাক রঙের আলোয় আলোকিত হয়ে ওঠে। এটি বিশেষভাবে বিয়ের জন্য করা হয়েছিল কি না, তা নিশ্চিত নয়। তবে টেইলর সুইফটের প্রিয় রংগুলোর একটি দীর্ঘদিন ধরেই বেগুনি। তাঁর ‘স্পিক নাউ’ অ্যালবামের সময় থেকেই রংটি তাঁর পরিচয়ের অংশ হয়ে আছে। ছবি কবে প্রকাশ করবেন টেইলর ২০২৩ সালে সম্পর্কে জড়ান টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। গত বছর বাগ্দানের ঘোষণা দেওয়ার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে অনুষ্ঠানের ছবি এখনই প্রকাশ করা হবে না বলেই ধারণা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ‘ইউএসএ টুডে’-র টেইলর সুইফটবিষয়ক প্রতিবেদক ব্রায়ান ওয়েস্টের ভাষ্য, টেইলর নিজে যখন উপযুক্ত মনে করবেন, তখনই ভক্তদের সঙ্গে বিয়ের ছবিগুলো ভাগ করে নেবেন। ২০২৩ সালে সম্পর্কে জড়ান টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। গত বছর বাগ্দানের ঘোষণা দেওয়ার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এবার বহু আলোচিত সেই আয়োজন শুরু হলেও পুরো অনুষ্ঠান এখনো রহস্যে ঘেরা। ফলে আজ ৩ জুলাইয়ের মূল অনুষ্ঠানের পরই হয়তো জানা যাবে বিশ্বের সবচেয়ে আলোচিত এই তারকা জুটির বিয়ের আরও বিস্তারিত। সূত্র: সিএনএন ও বিবিসি