সলিম আলির হয়েছে ‘গোদের ওপর বিষফোড়া’। একমাত্র ছেলে রাজীব আলি মারা গেছে বজ্রপাতে। বাপের কাঁধে সন্তানের লাশের চেয়ে ভারী জিনিস আর কী আছে! সেই ভারের দুঃখ ভুলতেও কয়েক বছর সময় দরকার। কান্নাকাটি করেছেন তিনি, রাজীবের মায়ের কান্না আরও মর্মস্পর্শী। একমাত্র সন্তানের অকালমৃত্যু কোন মা-ই বা মানতে পারেন? বাপের অবস্থাও তার চেয়ে ভালো নয়। ছেলের ঝলসানো লাশ দাফন করেছেন বটে, কিন্তু রাত কাটাতে হচ্ছে কবরস্থানে। হচ্ছে, তার কারণও আছে। সলিম আলি লোকমুখে শুনেছেন, আজকাল নাকি লাশ চুরি হচ্ছে কবর থেকে। তবে সব লাশ নয়, বজ্রপাতে নিহত লোকদের লাশ কে বা কারা চুরি করছে। শোকাতুর সলিম আলিকে তাই রাত জেগে ছেলের লাশ পাহারা দিতে হচ্ছে। এক-দুরাত করে সলিম আলি প্রায় ১৫ রাত ছেলের কবর পাহারা দেন। তারপর আর শরীরে কুলোয় না। পাহারা বন্ধ করে দেন। তাঁর ধারণা ছিল, এত দিন পর নিশ্চয়ই চোরেরা ভুলে গেছে তাঁর ছেলের কথা। ১৭তম দিনে আক্কাস ব্যাপারী সলিমকে দুঃসংবাদটা দেন। রাজীব আলির লাশ নাকি নেই!