ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো অনুষ্ঠানে এবারের আয়োজনের অতিথি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব গোলাম সারোয়ার টিপু । তাঁর সাক্ষাৎকার নিয়েছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক । দীর্ঘ এই সাক্ষাৎকারে নিজের ফুটবলার হওয়ার গল্প আর জীবনের নানা বাঁকের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ‘ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো’ অনুষ্ঠানে। প্রথম আলোর এই বিশেষ আয়োজনে আমরা বাংলাদেশের পথিকৃৎদের সাক্ষাৎকার নিয়ে থাকি, তাঁদের জীবনের অভিজ্ঞতার কথা শুনি, সেই আলোয় নিজেদের পথকে উজ্জ্বল করার চেষ্টা করি। বিশ্বকাপ ফুটবলের মৌসুমে আজ উপস্থিত আছেন একজন প্রথিতযশা ফুটবল খেলোয়াড়, ফুটবল কোচ। যিনি অল পাকিস্তান ফুটবল দলে খেলেছেন, আবাহনীর অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নও হয়েছিলেন। তিনি ২০১৯ সালে ‘রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০১৮’ আজীবন সম্মাননা পেয়েছিলেন। আমাদের সঙ্গে আজ আছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব গোলাম সারোয়ার টিপু। টিপু ভাই, আপনাকে স্বাগত জানাই। গোলাম সারোয়ার টিপু: ধন্যবাদ আপনাকে। এই অনুষ্ঠানে আমরা গল্প করি, শৈশবের কথা শুনি, জন্মের কথা শুনি। আপনার জন্ম একটু আগে আমরা শুনছিলাম ১৯৪৪ সালের ২৩ অক্টোবর। আপনি তো একদম টাইমও বলতে পারেন, বলেন। গোলাম সারোয়ার টিপু: প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আমাকে এভাবে এই একটা ব্যাপারে ইনভল্ভ করবেন, এটা আমি বুঝতে পারিনি। যাহোক, আমার জন্ম ১৯৪৪ সালের ২৩ অক্টোবর সোমবার সকাল সোয়া ১০টায়। এটা আমি জানতে পেরেছি, কারণ আমার বাবা ডায়েরি লিখতেন। আমার ওপরেই শুধু। ওই ডায়েরিটা শুধু আমার ওপরেই, আমি কখন ঘুমাচ্ছি... আপনার জন্ম হলো বরগুনায়, সেটা আপনার নানার বাড়ি। গোলাম সারোয়ার টিপু: নানার বাড়ি। আর আপনার আব্বা, ওনার নামটা একটু বলবেন। গোলাম সারোয়ার টিপু: এ এম গোলাম মোস্তফা, আবু মোহাম্মদ গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা। আর আপনার আম্মার নাম? গোলাম সারোয়ার টিপু: আম্মার নাম নূরজাহান বেগম। তো আপনার আব্বা তো পুলিশে ছিলেন। গোলাম সারোয়ার টিপু: আব্বা পুলিশে ছিলেন, হ্যাঁ। যখন আপনার জন্ম হলো ওই সময় আপনার আব্বার পোস্টিং কোথায় ছিল?