ধরুন, টাইম মেশিন আবিষ্কৃত হয়েই গেছে। চাইলে অতীত ভ্রমণ করতে পারবেন আপনি। চট করে চলে গেলেন অতীতে। কোনো ঘটনা বদলে দিলেন কিংবা বাঁচানোর চেষ্টা করলেন অকালপ্রয়াত প্রিয়জনকে। আসলেই তা পারবেন কি? সময় কি আপনাকে ক্ষমা করবে? ২৮ জুন ২০০৯। আমাদের কালের নায়ক, বিখ্যাত ব্রিটিশ জ্যোতিঃপদার্থবিদ স্টিফেন হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বেশ জাঁকজমকপূর্ণ এক পার্টির আয়োজন করলেন। ব্যানার-ফেস্টুন, বেলুন থেকে শুরু করে শ্যাম্পেইনের মতো পানীয়—কী ছিল না সেই পার্টিতে!